Tuesday, 17 October 2017

বাংলাভাগের চক্রান্ত করছে বিজেপি

ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে। বাংলার মানুষ তা মেনে নেবে না। 
রাজ্যের পার্বত্য অঞ্চল দার্জিলিং সমস্যার সমাধানের লক্ষ্যে আজ সোমবার কলকাতার রাজ্য সচিবালয় নবান্নে সর্বদলীয় বৈঠক শেষে আজ মমতা এ অভিযোগ তোলেন। 
পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে দার্জিলিংয়ে গত ১২ জুন থেকে শুরু হয় অনির্দিষ্টকালের বন্‌ধ্‌। পাহাড়ে এখনো অচলাবস্থা কাটেনি। এর মধ্যে বন্‌ধ্‌ ডাকা স্থানীয় রাজনৈতিক দল গোর্খা জনমুক্তি মোর্চা দুই ভাগে ভাগ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমর্থনে এ দলের নেতা বিনয় তামাং বন্‌ধ্‌ প্রত্যাহার করলেও আরেক নেতা বিমল গুরুং তাঁর অবস্থানে অটল। তাঁকে ধরতে রাজ্য সরকারের বাহিনী তৎপর। 
দার্জিলিংয়ের এ সমস্যা সমাধানের লক্ষ্যে গত ২৯ আগস্ট প্রথম সর্বদলীয় বৈঠক হয় কলকাতার রাজ্য সচিবালয় নবান্নে। এরপর দ্বিতীয় বৈঠক হয় ১২ সেপ্টেম্বর শিলিগুড়িতে অবস্থিত রাজ্য সচিবালয় উত্তরকন্যায়। আর আজ ১৬ অক্টোবর তৃতীয় সর্বদলীয় বৈঠক হয় রাজ্য সচিবালয় নবান্নে। মমতা আজ জানিয়ে দেন, চতুর্থ সর্বদলীয় বৈঠক বসবে আগামী ২১ নভেম্বর দার্জিলিংয়ের পিনটেল ভিলেজে। আজকের বৈঠকে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিলেও অংশ নেয়নি জন-আন্দোলন পার্টি। আজকের বৈঠকে গোর্খাল্যান্ড দাবি নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে আলোচনা হয়েছে পাহাড়ের উন্নয়ন নিয়ে। এ বৈঠকে দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার বিদ্রোহী নেতা বিনয় তামাংসহ জনমুক্তি মোর্চার তিন বিধায়ক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। 
মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের আরও বলেন, দার্জিলিং ভাগ হতে দেব না। দার্জিলিং বাংলার অংশ।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী পাহাড় থেকে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করার ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে বলেন, পাহাড়ে যখন শান্তিপ্রক্রিয়া শুরু হয়েছে, তখনই কেন্দ্রীয় বিজেপি সরকার পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। এটা অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। এটা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, পাহাড়ে মাত্র ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকলেও তার মধ্য থেকে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। অথচ এখনো ঝাড়খন্ডে ১৫৪ কোম্পানি, ছত্তিশগড়ে ২৫২, ওডিশায় ৮৪ এবং বিহারে ৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। পশ্চিমবঙ্গে ৬০ কোম্পানি থেকে ১৫ কোম্পানিতে নামিয়ে আনার পর এখন ১০ কোম্পানি তুলে নেওয়ার কথা বলেছে। মমতা বলেন, ‘আমি এ বিষয় নিয়ে কথা বলেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকেও।’

No comments :
Write comments

Popular Posts