জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা: বিএনপি নেত্রী খালেদা জিয়ার ৭ বছর জেল, ১০ লক্ষ টাকা জরিমানা
বাংলাদেশের একটি আদালত আজ জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির নেত্রী খালেদা জিয়াকে ৭ বছর জেল দিয়েছে এবং ১০ লক্ষ টাকা জরিমানা করেছে।
বাকি তিনজন আসামীদের একই শাস্তি দেওয়া হয়েছে। তারা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান এবং হারিস চৌধুরীর একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না।
প্রচলিত আইনে এটিই সর্বোচ্চ শাস্তি।
রায়ের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বলেছেন, "রাজনৈতিক উদ্দেশ্যে এই রায় দেওয়া হয়েছে। খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখাই সরকারের উদ্দেশ্য।"
এই রায়ের প্রতিবাদে বিএনপি মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
ঢাকা থেকে বিবিসির সংবাদদাতা বলছেন, ক্ষমতার অপব্যবহারসহ ১৫টি বিষয় বিবেচনায় নিয়ে এই মামলার রায় দিয়েছেন বিচারক।
ক্ষমতার সর্বোচ্চ পদে থেকে এ ধরনের অপরাধ যেন কেউ না করে, সে জন্য কঠিন শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করে এই আদালত।
এর আগে কারাবন্দী খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই মামলাটির বিচার চলবে বলে জানিয়ে দেয় আদালত।
আজকে আদালতে খালেদা জিয়ার আইনজীবীরা কেও উপস্থিত ছিলেন না।
হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন করেছিলেন খালেদার আইনজীবীরা। সে বিষয়ে শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচাপতির আপিল বেঞ্চ সোমবার তা খারিজ করে দেয়।
গত ফেব্রুয়ারি মাসে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া প্রায় আটমাস যাবত কারাগারে আছেন।