Monday, 29 August 2016

সংশোধিত আইন অনুমোদন জেলা পরিষদ গঠিত হবে জনপ্রতিনিধিদের ভোটে

স্থানীয় জনপ্রতিনিধিদের ভোটে গঠিত হবে জেলা পরিষদ—এ বিধান যুক্ত করে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : ফোকাস বাংলা
মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, জেলা পরিষদ আইনটি ২০০০ সালে করা। এ আইন সংশোধন করে জেলা পরিষদ চেয়ারম্যানসহ অন্য সদস্যদের নির্বাচিত করার প্রক্রিয়া যুক্ত করা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, জেলা পরিষদ হবে চেয়ারম্যানসহ ২১ সদস্যের। এ পরিষদে ১৫ জন সাধারণ সদস্য ও পাঁচজন সংরক্ষিত আসনের সদস্য থাকবেন।
নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে সচিব জানান, যে জেলায় সিটি করপোরেশন আছে সেখানে সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিরা হবেন ভোটার। যেখানে সিটি করপোরেশন নেই সেখানে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা হবেন ভোটার। তাঁরাই ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যানসহ ২১ সদস্যের পরিষদ গঠন করবেন। শিডিউল ঘোষণা ও নির্বাচন পরিচালনা সবই নির্বাচন কমিশন করবে। এ আইনে জেলা পরিষদের নির্বাচনে জনগণের সরাসরি ভোট দেওয়ার সুযোগ থাকছে না।
এ ছাড়া আজ মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত, কৌশলগত পরিবহন পরিকল্পনা ২০১৫-২০৩৫ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।


No comments :
Write comments

Popular Posts