Monday, 29 August 2016

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আজীবন বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৬৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


সভায় বলা হয়, এক শিক্ষকের বিরুদ্ধে আনা ওই ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ছাত্রীর দাবি, বিচার চাইতে গিয়ে তিনি অবিচার পেয়েছেন। 
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির বিষয়টি মিথ্যা প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সদস্যদের সর্বসম্মতিক্রমে অভিযোগকারী ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এর আগে সিন্ডিকেট থেকে ওই ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। 

ওই ছাত্রী বলেন, ‘আমি চেয়েছিলাম বিচার, পেয়েছি অবিচার। এর বেশি কিছু বলার নেই।’


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছর ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ওই ছাত্রী। ওই শিক্ষক একটি ছাত্রী হলের আবাসিক শিক্ষকও। লিখিত অভিযোগে ওই ছাত্রী বলেন, গত ২৩ নভেম্বর তিনি (ছাত্রী) হলে সিটের জন্য প্রাধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে ওই শিক্ষক তাঁকে প্রাধ্যক্ষের সামনেই কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ছাত্রীর অভিযোগ ছিল, গত ১৬ ডিসেম্বর শোভাযাত্রা শেষ করে হলে ফিরতে দেরি হওয়ায় ওই শিক্ষক তাঁকে প্রাধ্যক্ষের রুমে দেখা করতে বলেন। রুমে গেলে যৌন হয়রানিমূলক কথাবার্তা বলেন।
এরপর ওই শিক্ষকের শাস্তির দাবিতে ক্যাম্পাসে টানা কয়েক দিন আন্দোলন করেছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আর অভিযোগকে মিথ্যা দাবি করে প্রতিকার চেয়ে ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরবার পাল্টা অভিযোগ দেন।
ঘটনাটি তদন্ত করতে গত বছরের ২৬ ডিসেম্বর তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সদস্যরা ওই ঘটনা তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির কোনো অভিযোগের সত্যতা পাননি। বিশ্ববিদ্যালয়ের ৪৬৪তম সিন্ডিকেটে বিষয়টি উত্থাপন করা হয়। সেখান থেকে ওই ছাত্রীকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের উত্তর পাওয়ার পর গতকাল সিন্ডিকেট তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করে।

No comments :
Write comments

Popular Posts