Thursday, 1 September 2016

আদালত অবমাননার দায়ে দুই মন্ত্রীকে দেয়া দণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আদালত অবমাননার দায়ে দণ্ডিত খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা করে জরিমানা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেয়েছে আজ বৃহস্পতিবার। সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এর অনুলিপি দেয়া হয়েছে।
 
এ বছর ২৭ মার্চ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির পূর্ণাঙ্গ আদালত এই আদেশ দেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত ক্ষমতাসীন কোনো মন্ত্রীকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে এ ধরনের দণ্ড দেয়া হয়। সেখানে বলা হয়, ২৭ তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে জরিমানার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও লিভার ফাউন্ডেশনে জমা দিতে হবে। অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
 
সে সময় আদালতের সংক্ষিপ্ত আদেশে শুধু দণ্ডাদেশের অংশটুকু ঘোষণা করা হয়। তবে এ সংক্রান্ত সংক্ষিপ্ত আদেশে বলা হয়েছে, দুই মন্ত্রী নিঃশর্ত ক্ষমা চেয়ে এবং অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন করেছেন তা আমরা গ্রহণ করলাম না। আবেদনকারীরা মন্ত্রী, সাংবিধানিক পদধারী। তাঁরা সংবিধান রক্ষার শপথবদ্ধ। প্রধান বিচারপতি ও সর্বোচ্চ আদালতকে অবমাননা করে তাঁরা যে বক্তব্য দিয়েছেন, তা আমাদের কাছে উদ্দেশ্যমূলক বলে মনে হয়েছে। তাঁদের বক্তব্য বিচার প্রশাসনে হস্তক্ষেপের শামিল এবং বিচার বিভাগের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। যদি তাঁদের ছেড়ে দেয়া হয় তাহলে যেকোনো ব্যক্তি বিচার বিভাগ সম্পর্কে একই রকম অবমাননাকর বক্তব্য দেবেন। এ জন্য তাঁদের আমরা গুরুতর আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করছি। তবে তাঁরা প্রথম সুযোগেই নিঃশর্ত ক্ষমা চাওয়ায় শাস্তি দেওয়ার ক্ষেত্রে আদালত উদারতা দেখাচ্ছে।

No comments :
Write comments

Popular Posts