Thursday, 6 July 2017

ভারতে অচল রুপির নোট বদলে দিতে সুপারিশ করলেন সুপ্রিম কোর্ট
ভারতে যাঁরা যুক্তিসংগত কারণে ৫০০ ও ১০০০ রুপির পুরোনো নোট বদলাতে পারেননি, তাঁদের আরেকবার সুযোগ দেওয়া যায় কি না, তা কেন্দ্রীয় সরকারকে ভেবে দেখার পরামর্শ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারকে তাদের বক্তব্য পেশ করার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, মানুষের কষ্টার্জিত টাকা রাতারাতি আবর্জনায় পরিণত হয়ে যেতে পারে না।
গত বছরের ৮ নভেম্বর হঠাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাজারে চালু থাকা ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণা দেন। বাতিল হওয়া এ দুটি নোট একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের বিভিন্ন ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় জনগণকে। তা সত্ত্বেও অনেকেই তাঁদের কাছে গচ্ছিত থাকা রুপি যথাসময়ে ব্যাংকে জমা দিয়ে বদলে নিতে পারেননি। পরিণতিতে এসব মানুষকে তাঁদের পুরোনো রুপির দুটি নোট নিয়ে বিপাকে পড়তে হয়েছে। কারণ বাতিল করা নোট দুটি বিভিন্ন ব্যাংক থেকে পরিবর্তনের শেষ দিন ছিল গত বছরেরই ৩০ ডিসেম্বর।
তবে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় (আরবিআই) এই সুযোগ ছিল এ বছরের ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু হঠাৎ করে রিজার্ভ ব্যাংকে পুরোনো রুপি জমা দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এতে অনেক মানুষ সমস্যায় পড়েন।
এদিকে বাতিল হওয়া নোট দুটি জমা দেওয়ার জন্য সময় চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়েছিল। সে অনুযায়ী গত মঙ্গলবার ছিল এই মামলার শুনানির দিন।
এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সরকারের কাছে পুরোনো নোট বদলের সুযোগ আরেকবার দেওয়ার সুপারিশ করেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে আগামী দুই সপ্তাহের মধ্যে সুপারিশের জবাব দেওয়ার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।

No comments :
Write comments

Popular Posts