Tuesday, 17 October 2017


সুইফট নেটওয়ার্ক এখনো হ্যাকারদের লক্ষ্য

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পর এখনো সুইফট নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকের বার্তা প্রেরণ পদ্ধতি হ্যাকারদের লক্ষ্যবস্তুতে রয়েছে। সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) শীর্ষ কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এমন আশঙ্কার কথা জানিয়েছেন। তবে এক বছরে ব্যাংক খাতে কী পরিমাণ হামলা হয়েছে, তা জানাতে চাননি সুইফটের কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটির গ্রাহক নিরাপত্তা কার্যক্রমের প্রধান স্টেফেন গিল্ডারডেল রয়টার্সকে বলেন, ‘চেষ্টা অব্যাহত আছে। তবে আমরা এ ধরনের হামলা আশা করি না।’
স্টেফেন গিল্ডারডেলের কাছে রয়টার্সের প্রশ্ন ছিল, এক বছরে কী পরিমাণ হামলা হয়েছে, এর মধ্যে কী পরিমাণ হামলা সফল হয়েছে, কত টাকা চুরি হয়েছে? এর জবাব দিতে চাননি সুইফটের কর্মকর্তা স্টেফেন। প্রতিষ্ঠানটির মুখপাত্র নাতাশা ডি টেরান রয়টার্সকে বলেন, নেটওয়ার্কের নিরাপত্তাজনিত দুর্বলতার কোনো প্রমাণ তাঁদের কাছে নেই।
এদিকে শ্রীলঙ্কা ব্যাংকব্যবস্থা থেকে চুরি হওয়া ৪ কোটি ৬০ লাখ ডলার উদ্ধার করেছে। সুইফট নেটওয়ার্ক ব্যবহার করে শ্রীলঙ্কায় অবস্থিত তাইওয়ানের একটি ব্যাংক থেকে ৬ কোটি ডলার চুরি হয় গত সপ্তাহে। সর্বশেষ সাইবার হামলার মাধ্যমে ওই অর্থ সরিয়ে নেওয়া হয় কম্বোডিয়া, আমেরিকা ও শ্রীলঙ্কায়। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা ঘটে।


No comments :
Write comments

Popular Posts